বামফ্রন্টের ডাকা ৬ ঘণ্টার বাংলা বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা গেল মালদহ জেলায়। মালদা শহরে রথবাড়ি, ফোয়ারামোড় এলাকায় সকাল থেকেই সরকারি ও বেসরকারি বাস স্বাভাবিক ভাবেই যাতায়াত করে। শুধু তাই নয় শহরের বিভিন্ন বাজার গুলোতে অন্যান্য দিনের মতোই কেনা বেচা হয়। সকালে দোকান পাট বন্ধ থাকলেও সুর্য ওঠার সঙ্গে সঙ্গে একটু একটু করে খুলতে দেখা যায়। যদিও গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। জেলার অন্যান্য জায়গাতেও বন্ধের একই দৃশ্য লক্ষ্য করা যায়।
অন্যদিকে ইংরেজ বাজার থানার অন্তর্গত কোতুয়ালী অঞ্চলে বনধের প্রভাব ছিল লক্ষণীয়। জানা গেছে, বিরোধী দলের সন্ত্রাসের বিরুদ্ধে, হানাহানির প্রতিবাদে বামফ্রন্টের ডাকা বনধের ভালই প্রভাব পড়ে এই এলাকায়। এদিন কোতুয়ালী অঞ্চলের বাজার সহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। এদিনের বনধে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ছিল পুলিশি নজরদারী।
এবিষয়ে রথবাড়ি এলাকার বাসিন্দা রতন পাল ও প্রিয়ব্রত মালাকার জানান, এদিনের বনধ সম্পর্কে জনসাধারণদের আগে থেকে জানানো হয়নি। বনধের মধ্য দিয়ে সমস্যার সমাধান হয় না, যার কারণে তারা বনধকে মানেন না।
অন্যদিকে সিপিআইএম সমিতির সম্পাদক জয়ন্ত পোদ্দার জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের উপর সন্ত্রাস ও হানাহানির প্রতিবাদে এই বনধের ডাক দেওয়া হয়েছিল।